আজহার উদ্দিন শিমুল | ১০ এপ্রিল, ২০১৬
পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বলে খ্যাত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে।
আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট ১৪টি ইউনিয়নে প্রার্থীর সংখ্যা ৮৩০ জন। যাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭৯ জন, সাধারণ সদস্য পদে ৫৭১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৮০ প্রার্থী।
বানিয়াচং উপজেলার সদরের প্রতিটি ইউনিয়নে নির্বাচনী উৎসব চোখে পড়ার মত। সদর ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান খান (নৌকা), মো. গিয়াস উদ্দিন (ধানের শীষ), মো. আব্দুছ ছালাম (লাঙল), স্বতন্ত্র প্রার্থী খাইরুল বাশার সোহেল (ঘোড়া) এবং স্বতন্ত্র প্রার্থী খন্দকার তালেব উদ্দিন (চশমা)।
সদর ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান হায়দারুজ্জামান খান (নৌকা), ওয়ারিশ উদ্দিন খান (ধানের শীষ), নেছার আহমদ শেলু ( লাঙল), স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন খান( ঘোড়া)।
৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৮ জন। তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান খান (আনারস), মো. আরফান উদ্দিন (নৌকা), মহিবুর রহমান বাবলু (ধানের শীষ), সৈয়দ মসরুর আহমেদ (লাঙল), ছামির আলি (ঘোড়া), কামরুল হোসাইন (দেওয়াল ঘড়ি ), মোহাম্মদ আলী ( মটর সাইকেল) ও মো. ময়না মিয়া (চশমা)।
প্রচারণার সাথে সাথে প্রার্থীদের নির্বাচনী কার্যালয়, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটানোর কাজও শুরু হয়ে গেছে। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। বিভিন্ন আশ্বাস দিচ্ছেন তারা।
এপর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙনের অভিযোগ ওঠেনি। এজন্য সচেতন ভোটাররাও সন্তুষ্ট। এছাড়া বানিয়াচং এর বাকী ১১টি ইউনিয়নেও প্রার্থীরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।