Sylhet Today 24 PRINT

বাড়ল না জামিনের মেয়াদ, ফের কারাগারে যাচ্ছেন আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৬

১৫ দিনের জামিনে মুক্ত হয়ে বের হবার পর ১৪তম দিনে জামিনের আবেদন করে মেয়াদ বাড়াতে পারেননি সিলেট সিটি কর্পোরেশনের বহিষ্কৃত (সাময়িক) মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার তার জামিনের আবেদন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ এপ্রিল) দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আরিফ। তবে আদালত এই আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সিলেট দ্রুত বিচার আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, প্রাক্তন অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষের পথে। এজন্য আরিফ নিজের অসুস্থতা এবং তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। তবে আদালতে তা মঞ্জুর হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

পরে ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। মায়ের অসুস্থতার জন্য ১৫ দিন আগে জামিন পেয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.