Sylhet Today 24 PRINT

সিলেটে সিএনজি ও ফুয়েল ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৬

দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ভাংচুর ও লুটপাট এবং এ ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের সিএনজি ফিলিং স্টেশন, পেট্রল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘট আহ্বান করেছে সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে জেলা ট্রাক ও ট্যাংক লরি পরিবহন শ্রমিক সমিতি।

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিকরা সমিতির সভাপতি মোঃ. জুবের আহমদ জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদল লোক দক্ষিণ সুরমা বাইপাসে অবস্থিত সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

তিনি আরো অভিযোগ করেন, এ ব্যাপারে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ কয়েকজনকে আসামি দিয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করতে দায়ের করতে যান; কিন্তু থানা কর্তৃপক্ষ সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এতে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিকরা রাজি না হয়ে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। তাতেও কোন ফল না হওয়ায় তারা এই ধর্মঘটের ডাক দেন।

তাদের অভিযোগ, সেলিম আহমদ ফলিকের নির্দেশেই সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও ৩ লাখ ৬৪ হাজার ১৬৬ টাকা লুট করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.