Sylhet Today 24 PRINT

ধর্মঘটে তীব্র জ্বালানি সংকট, চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৬

দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ভাংচুর ও লুটপাট এবং এ ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের সিএনজি ফিলিং স্টেশন, পেট্রল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে সিলেট নগরী ও আশেপাশের এলাকা।

জ্বালানি নিতে না পেরে বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন কাজে ঘর থেকে বের হওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। জ্বালানি ভরতে শহরের বাইরের উপজেলা থেকে ভোর হতেই শহরে আসেন কয়েকশত সিএনজি অটোরিক্সা। মধ্যরাতে ডাকা ধর্মঘটের খবর না জানায় বিপাকে পড়েছেন তারা।

আনসার আলী নামক এক সিএনজি অটোরিক্সা চালক বলেন, "জৈন্তা থেকে এসেছি, মহাসড়কে সিএনজি চালালে পুলিশকে বাড়তি টাকা চাঁদা দিতে হয়। এখন সিনজি ভরে ফিরতে না পারলে আবারও চাঁদা দিতে হবে"।

এদিকে চলমান এইচএসসি পরীক্ষায় ব্যবহৃত গাড়িগুলো জ্বালানির অভাবে পড়ায় শিক্ষার্থীরা দেরি করে পরীক্ষার হলে ঢুকেন।   

এ বিষয়ে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মো. জুবায়ের আহমদ চৌধুরী জানান, ঘটনার সমাধান না হলে ধর্মঘট চালিয়ে যাবেন তারা। তিনি বলেন,

জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ কয়েকজনকে আসামি দিয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করতে দায়ের করতে যান; কিন্তু থানা কর্তৃপক্ষ সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, "যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা না করে পূর্ব শত্রুতার জেরে অন্যদের ফাঁসাতে চাইছিলেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা"।

এ ব্যাপারে সেলিম আহমদ ফলিকের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি কোন সাড়া দেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.