সিলেটটুডে ডেস্ক | ১২ এপ্রিল, ২০১৬
কুলাউড়া উপজেলার হাজীপুরে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সভায় ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে মিলাদ মিয়া (৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার লেবু মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাজিপুর ইউপি নির্বাচনের জন্য ফটিক মিয়া নামের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোমবার সন্ধ্যার পর কাউকাপন বাজার এলাকায় নির্বাচনী সভা করছিলেন। এ জন্য তিনি একটি বাড়ি থেকে বিদ্যুৎ ব্যবহার করে আলোরও ব্যবস্থা করেছিলেন। রাতে সভা শেষ হলেও আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। মঙ্গলবার সকাল নয়টায় বিদ্যালয়ে যাবার পূর্বে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলাদ মিয়া মারা যায়। সে কাউকাপন গ্রামের লেবু মিয়ার দুই ছেলের মাঝে বড় ছেলে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি নিয়ে যান। গ্রামবাসীরা আরও বলেন, নির্বাচনী সভা শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে এ ঘটনা ঘটতো না। ছেলেকে হারিয়ে বাবা লেবু মিয়া প্রায় বাকরুদ্ধ বলে ঘটনা সম্পর্কে কোন কথা বলেননি।
এ ব্যাপারে ফটিক মিয়া সাংবাদিকদের বলেন, নিহত ছাত্রের বাবা লেবু মিয়া আমার বাড়িতে কাজ করেন। তিনিই (লেবু মিয়া) রাতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার কথা ছিল। ভুলক্রমে তিনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেননি। ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
কুলাউড়া থানার সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয় । তবে বিদ্যুতের তারসহ কয়েকটি আলামত উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। নিহতের বাবা অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।