Sylhet Today 24 PRINT

দাবি না মানলে বৃহস্পতিবার থেকে এবার পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৬

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ধর্মঘট চলাকালীন এবার পাল্টা ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

কালকের (বুধবার) মধ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ না করলে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকার হুমকী দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

আজ বিকেলে এক জরুরী বৈঠক শেষে এ ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

এসময় সিলেটের কোনো পরিবহন শ্রমিক দক্ষিণ সুরমার সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে থেকে জ্বালানি কিনবে না বলেও জানান তিনি।

এই ঘোষণার পর সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন মুখোমুখি অবস্থানে চলে আসল।

দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ভাংচুর ও লুটপাট এবং এ ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিক সমিতি।

তাদের অভিযোগ, দক্ষিণ সুরমার একটি সিএনজি পাম্পে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক আহমেদের নেতৃত্বে হামলা হয়েছে। ফলিকসহ কয়েকজনকে আসামি দিয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করতে দায়ের করতে যান; কিন্তু থানা কর্তৃপক্ষ সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন।

উদ্ভূত পরিস্থিতি সোমবার বিকেলে দক্ষিণ সুরমায় বৈঠকে বসে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক এখ্য পরিষদ। এই বৈঠক থেকে মামলা দিয়ে হয়রানি বন্থ ও পেট্রোল পাম্প মালিকদের 'নৈরাজ্য' বন্ধ ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বৈঠক শেষে একটি বিক্ষোভ মিছিলও করে পরিবহন শ্রমিকরা।

এদিকে, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, "যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা না করে পূর্ব শত্রুতার জেরে অন্যদের ফাঁসাতে চাইছিলেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.