Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ আল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় পদ থেকে উপজেলা জামায়াতের এই নেতাকে বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সহকারি সচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় ০৭/১৬ ও ০৮/১৬ দুটি মামলা ২৮/০২/১৬ তারিখে বিজ্ঞ আদালতে গৃহিত হয়েছে। যে কারণে চেয়ারম্যান সাইফুল্লাহ’র দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি হতে পারে বলে সরকার মনে করছে।

তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৬, সংশোধিত ২০১১ এর ১৩খ(১) ধারা অনুসারে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। জনস্বার্থে বহিস্কার এবং তা দ্্রুত কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি পত্র পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.