Sylhet Today 24 PRINT

বর্ষবরণে হবিগঞ্জে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

শাকিলা ববি |  ১৩ এপ্রিল, ২০১৬

আগামীকাল (বৃহস্পতিবার) বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ ১৪২৩। প্রতিবছরের মতো এ বছরও পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি চলছে হবিগঞ্জ জেলায়।

বৈশাখের প্রথম দিন নাচ-গান আর আনন্দ উৎসবে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। সারা দেশের ন্যায় তাই এবারও পহেলা বৈশাখকে ঘিরে হবিগঞ্জে চলছে নানা আয়োজন।

হবিগঞ্জের পহেলা বৈশাখ উদযাপনের মূল আকর্ষণ হলো বৈশাখের প্রথম প্রহরে বাঙ্গালী ঐতিহ্যে ভরপুর খেলাঘর আসরের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৩ যুগ ধরে এ সংগঠনটি সাফল্যের সাথে হবিগঞ্জ বর্ষবরণ উৎসব কওে আসছে।

তবে এবছর এ আকর্ষণে যুক্ত হল খোয়াই থিয়েটারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা । হবিগঞ্জের সকল সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বসাধারণের সমন্বয়ে আয়োজন করা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। এর আগে বিভিন্ন সংগঠন পহেলা বৈশাখের দিন বিচ্ছিন্ন ভাবে র‍্যালির আয়োজন করলেও এ বছরই প্রথম খোয়াই থিয়েটার সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় মঙ্গল শোভা যাত্রার উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ এডভোকেট মো. আবু জাহির।

পহেলা বৈশাখের দিনে শহরের প্রাণকেন্দ্রে এতিহ্যবাহী “কালীবাড়ি বান্নি” নামে মেলা বসে। এই মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকল বয়সের সকল শ্রেণির মানুষের উপচে পড়া ভিড় থাকে।  বৈশাখ উদযাপনে জেলা প্রশাসনে আয়োজনে স্থানীয় নিমতলা প্রাঙ্গণে রয়েছে ৩দিন ব্যাপী গ্রামীণ মেলা। এছাড়াও বৃন্দাবন সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি স্কুলের বৈশাখ উদযাপন থাকে বেশ আকর্ষণীয়।

হবিগঞ্জ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায় বলেন, খেলাঘর আসরের বর্ষবরণ এবার ৩৫ বছরে পা রাখছে। প্রায় ৩যুগ ধরে আমরা খেলাঘরের এই বর্ষবরণ একই স্থানে একই সময়ে বর্ষবরণ উৎসব উদযাপন করছি।

ইতোপূর্বে হবিগঞ্জের কোনো সংগঠন দীর্ঘ সময় ধরে একটা উৎসব ধরে রাখতে পারে নাই। আমাদের বর্ষবরণের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। গান, নৃত্য, আবৃত্তির প্রস্তুতিও শেষ পর্যায়ে। তিনি আরো বলেন । আমাদের এবারের আকর্ষণ ১শত জন নৃত্য শিল্পী ও ১শত জন সঙ্গীত শিল্পী নিয়ে গান ও নাচের পরিবেশনার মাধ্যমে বৈশাখের প্রথম প্রহরে বর্ষবরণ করা হবে।

নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও হবিগঞ্জের বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সংগঠন  পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ সংখ্যা, ক্রোড়পত্র বের করে।

সকল প্রস্তুতি সম্পন্ন করে হবিগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রাণের উৎসবের রঙে নিজেদের রাঙাতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.