নিজস্ব প্রতিবেদক | ১৩ এপ্রিল, ২০১৬
বিদায় ১৪২২। আজ বিদায়ী বছরের সর্বশেষ দিন। চৈত্র সংক্রান্তি। নানা সুখ দুঃখের স্মৃতি সম্বলিত, পাওয়া না পাওয়ার একটি বছরকে আজ বিদায় জানাচ্ছে দেশবাসী।
আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজন করেছে বর্ষবিদায়ের আয়োজন। বছরের শেষ সূর্যকে তারা বিদায় জানাবে নানা আনুষ্ঠানিকতা এবং একই সঙ্গে স্বাগত জানাবে নতুন বছরকেও।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র আয়োজনে গত বছরের ন্যায় এবারও ১৪২২ বাংলাকে বিদায় ও ১৪২৩ বাংলাকে স্বাগত জানিয়ে সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনিঘাটের সিঁড়িতে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩:৩০ শুরু হবে উন্মুক্ত এ অনুষ্ঠান। সূর্যাস্তের সাথে সাথে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে ১৪২২ বাংলাকে বিদায়।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আহ্বান করা হবে ১৪২৩ বাংলাকে। অনুষ্ঠানে লোকনৃত্য, লোকগান ও বাউলগান পরিবেশন করবেন সিলেটের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ।