Sylhet Today 24 PRINT

সিলেটে বর্ষবরণের অনুষ্ঠানে ছদ্মবেশে থাকছে নারী পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৬

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে থাকছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ছদ্মবেশে মাঠে থাকছে নারী পুলিশও।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিলেটের প্রতিটি বর্ষবরণ অনুষ্ঠানে থাকছে পোশাকে-সাদা পোশাকে দেড় সহস্রাধিক পুলিশ। সেই সঙ্গে র‌্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া)  এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার নিরাপত্তা পরিকল্পনায় ছদ্মবেশে থাকবে নারী পুলিশ। বখাটেদের পাকড়াও করতে তারা বিভিন্ন অনুষ্ঠানস্থল চষে বেড়াবেন।

তিনি বলেন, নগরীর প্রতিটি পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাবে পুলিশ। নিরাপত্তা বেষ্টনি থাকবে সরকারি-আধা সরকারি ও বেসরকারি স্থাপনায় পাশাপাশি রঙ ছিটানো নিয়ে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা না হয় সে বিষয়েও সতর্কতা জারি করেছে নগর পুলিশ। এমনকি এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দেখামাত্র আটকের নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এছাড়া পহেলা বৈশাখে ভুভুজেলা বাজানো, হর্ন বাজিয়ে দলবদ্ধভাবে মোটরসাইকেল চালানো, খোলা ট্রাকে বাদ্য বাজিয়ে নগরীর রাস্তা প্রদক্ষিণ, এসব কর্মকাণ্ডও এবার নিষিদ্ধ করা হয়েছে।

এবার নগরীতে মঙ্গল শোভাযাত্রাও বের হবে নিরাপত্তা বেষ্টানির মধ্যে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান (শাবিপ্রবি,এমসি কলেজ, সরকারি কলেজ, শ্রীহট্ট সংস্কৃত কলেজ) ছাড়াও কবি নজরুল অডিটোরিয়াম, উদীচী, নগরী ব্লু-বার্ড স্কুল ক্যাম্পাসের অনুষ্ঠানেও থাকবে পুলিশি উপস্থিতি।

এদিকে বৈশাখী আয়োজনে সিলেটে চলছে শেষ প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার জন্য নানা রঙে-ঢংয়ে তৈরি হচ্ছে মুখোশসহ বিভিন্ন উপকরণ। আলপনা এঁকে সাজিয়ে তোলা হচ্ছে অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার।

আর পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালিয়ানার সাজে (জামা-কাপড়) সাজতে বিভিন্ন মার্কেটগুলোতেও শেষ মুহুর্তে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। উৎসব উদযাপনে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরাও ফুটপাতে কেটাকাটা সেরে নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.