Sylhet Today 24 PRINT

লাল খাতার হালখাতা

দেবব্রত চৌধুরী লিটন |  ১৩ এপ্রিল, ২০১৬

বৃহস্পতিবার থেকেই শুরু হবে নতুন বছর। বাংলা বর্ষ গণনায় ব্যবসায়ীদের জন্য নতুন বছরের শুরুটা হয় লাল রঙের হাল খাতার পাতায় হিসাব তোলার মধ্য দিয়ে। তাই তারা ব্যস্ত হালখাতা কিনতে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর বন্দর বাজার, লালদিঘীর পাড় এলাকার ষ্টেশনারী দোকান গুলোতে গিয়ে দেখা গেল ব্যবসায়ীদের হালখাতা কিনতে। ২০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে লাল রঙ্গের এইসব হালখাতা গুলো।

অনেকে ইতোমধ্যে বিলি করা শেষ করেছেন হালখাতার চিঠি। চিঠি পাওয়া ক্রেতারা দেনা মেটাতে হাজির হবেন 'শুভ হালখাতা' অনুষ্ঠানে।

নগরীর ছোট বড় দোকানী, আড়ৎদাররা নতুন বছরে অনেকটা ঘটা করেই পালন করে থাকেন হালখাতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তারা নিমন্ত্রণ করে থাকেন ক্রেতাদের। ক্রেতারা উপস্থিত হয়ে দেনা মেটান। এই দিনে মিষ্টি মুখ করানো হয় ক্রেতাদেরকে।

নগরীর লালদিঘীর পার এলাকার শারমিন পেপার এন্ড ষ্টেশনারীতে গিয়ে দেখা গেল বেশ কয়েকজন ক্রেতা এখানে এসেছেন হালখাতা কিনতে। দোকানের বিক্রয়কর্মী দুলাল আহমদ জানান, নতুন বছর উপলক্ষে আজ হালখাতা বিক্রি হচ্ছে খুব বেশি।
 
লালদিঘীর পাড় এলাকার আল হাবিব পেপার এন্ড ষ্টেশনারীর বিক্রয়কর্মী হাবিবুর রহমান জানান হালখাতা বেচাকেনা ৩ /৪ দিন আগে শুরু হয়েছে। এবার বেচাকেনা যথেষ্ট ভাল।

নগরীর বন্দর বাজারের রহমান ম্যানশনে গিয়ে কথা হয় জয় জুয়েলার্সের প্রোপাইটার প্রদীপ ঘোষের সাথে। তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা নববর্ষে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে দাওয়াত দেই। পুরাতন বছরের হিসাবের খাতা বদলিয়ে নতুন হিসেবের খাতা খুলি এই দিনটিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.