Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে হুড়োহুড়িতে সিলেট ও সুনামগঞ্জে আহত ১৬

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০১৬

ভূমিকম্পে সময় হুড়োহুড়ি করে বহুতল ভবন থেকে নামতে গিয়ে সিলেট ও সুনামগঞ্জে অনন্ত ১৬ জন আহত হয়েছেন। এদের অনেকে আতঙ্কে পড়ে গিয়ে আহত হন।

আহতদের কয়েকজন সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সিলেটে আহতদের মধ্যে চার নারীসহ ছয়জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক রুকনুজ্জামান।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার রাতে ভুমিকম্পের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা বিভিন্নভাবে আহত হয়েছেন।

এদের মধ্যে একজনের পা ভেঙেছে, চারজন ভয়ে জ্ঞান হারান এবং বাকিদের হাত-পা-মাথায় আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

রুকনুজ্জামান জানান, বুধবার রাত ৮টার কিছু আগে ভূমিকম্পের পর সাড়ে ৮টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন স্বজনরা।

এছাড়া ভূমিকম্পে ভয়ে অজ্ঞান পড়েছেন এটিএন নিউজ সিলেটের ভিডিও সাংবাদিক ইকবাল মুন্সীর মা আঙ্গুরা বেগম । তিনি নগরীর জালালাবাদ ৪১/৪ নম্বর বাসার বাসিন্দা। অসুস্থ অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জে আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ জন। তারা হলেন, নারায়নপুরের তাসলিমা আক্তার (২১), ঝানিগাওয়ের ফেরদৌস (১০) উজানীগাওয়ের ডলি (১৭), মল্লিকপুরের সুহেল আহমদ (২৮), আরফিন নগরের ফুলসাদ বেগম (১০০) ও সাচনাবাজারের সাইফুল (৬)।

তবে এদের কারো অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.