দেবব্রত চৌধুরী লিটন | ১৪ এপ্রিল, ২০১৬
এসেছে নতুন বছর। ১৪২৩ বাংলা। বাঙালির সার্বজনীন উৎসবের দিন। নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেবে উৎসব প্রিয় বাঙালি। পিছিয়ে নেই সিলেটও।
নতুন বছরকে বরণ করে নিতে সিলেটেও নেওয়া হয়েছে নানা আয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এসব আয়োজনে আজ উৎসবমুখর থাকবে পুরো সিলেট।
আনন্দলোক : ঐতিহ্যবাহী সংগঠন আনন্দলোকের বর্ষবরণ উৎসব প্রতিবছরের মত এবারও শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ৭ থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বর্ষবরণ উৎসবের অনুষ্ঠানমালায় আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন পরিবেশন করবে সংগীত-নৃত্য-আবৃত্তি।
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট, গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, নৃত্যশৈলী, সিলেট আর্ট এন্ড কালচারাল একাডেমী, দ্বৈতস্বর, সুরাঞ্জলি, সারেগামাপা, তারুণ্যসহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেবে।
শ্রুতি সিলেট : বাংলা নতুন বর্ষকে বরণ করতে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারো আয়োজন করেছে শ্রুতি শতকন্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৩ বাংলা। এ উপলক্ষে সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সুবিদবাজারস্থ প্রাথমিক ক্যাম্পাসে সকাল সাড়ে ৬ টায় দিনব্যাপী এ উৎসব শুরু হবে।
বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে প্রথমেই থাকবে সপ্তসুরে আহ্বান, শতকন্ঠে বর্ষবরণ, শ্রুতি সম্মাননা ১৪২২ বাংলা প্রদান। এবারের গুনীজন বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার প্রাপ্ত গুনীজন শাহীন আখতার। থাকবে সম্মিলিত ও একক পরিবেশনা। শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ আয়োজন মালা।
উদীচী সিলেট : উদীচী সিলেট প্রতিবছরের মত এবারও নগরীর মিরাবাজারস্থ মডেল হাই স্কুল প্রাঙ্গণে দিন ব্যাপী পালন করবে বর্ষবরণ অনুষ্ঠান। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যজন মো.শমসের হোসাইন। সকাল ১০ টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা, বিকেল ৪টায় কবি কন্ঠে কবিতা পাঠ, ৫টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬ টায় আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটক পরিবেশন করবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শিল্পীরা।
পাঠশালা : শিশুদের সাংস্কৃতিক সংগঠন পাঠশালা কাজীটুলাস্থ বেসিস বেইজ স্কুলে পালন করবে বাংলা নববর্ষের অনুষ্ঠান। বিকেল ৩ টায় শুরু হবে অনুষ্ঠান। বিভিন্ন বর্নিল আয়োজনে প্রতিবছরের মত এবারও থাকবে পাঠশালার বর্ষবরণের আয়োজন।
এম সি কলেজ : অন্যান্য বছর দিনব্যাপী বর্ষবরণের আয়োজন থাকলেও সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে এবারের নববর্ষের অনুষ্ঠানের ব্যাপ্তি থাকবে দুই ঘণ্টা। সকাল ১০ টায় র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করে আলোচনা সভা ও কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানমালার মাধ্যমে বেলা ১২টা নাগাদ অনুষ্ঠান সমাপ্ত করা হবে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি : বাংলা নববর্ষ উপলক্ষে নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ নগরীর নয়াসড়কস্থ কিশোর মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান মালার মাধমে পালন করবে নববর্ষের অনুষ্ঠান দিনটি।
সিকৃবি : পহেলা বৈশাখে সকাল সাড়ে ৮টা বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বর্ষবরণ অনুষ্ঠানের। সকাল ৯টায় ক্যাম্পাস থেকে বের হবে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে থাকছে নাটক, নাচ, আবৃত্তি, কবিয়াল, গান, পুঁথিপাঠ, কৌতুক ও সাপের খেলা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বর্ষবরণ উপলক্ষ্যে থাকছে দিনব্যাপী আয়োজন। এছাড়া সিলেট শিল্পকলা একাডেমিও নানা আয়োজনে বরণ করে নেবে নতুন বছরকে।