সিলেটটুডে ডেস্ক | ১৪ এপ্রিল, ২০১৬
কবি ও শিশুসাহিত্যিক তুষার করের তিনটি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে সম্প্রতি। বই তিনটি সিলেটের সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’সহ দেশের বিভিন্ন অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। বিংশ শতকের ছয়ের দশক থেকে তুষার কর ছোটদের জন্য লিখে আসছেন। নিবেদিতপ্রাণ এই শিশুসাহিত্যিক বিশেষভাবে কিশোর কবিতা লিখছেন মুক্তিযুদ্ধের অব্যবহিত পর থেকে।
মুক্তিযোদ্ধা তুষার করের প্রকাশিত ছড়াগ্রন্থগুলোর মধ্যে ‘মাঠ হারিয়ে যায়’ শীর্ষক বইটি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা। চিত্রশিল্পী মাসুক হেলালের প্রচ্ছদ ও অলংকরণে বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইটির ফ্ল্যাপে প্রকাশনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘তুষার কর চমৎকার সব ছড়া লিখেছেন তোমাদের জন্য। লিখেছেন আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের মা, মুক্তিযুদ্ধ ও মাতৃভাষাকে নিয়ে। আছে পাখির কথা, গাছের কথা, আরও কত কী! সবার ওপরে আছে তোমাদের আনন্দ-বেদনার কথা, তোমাদের ভবিষ্যতের স্বপ্নের কথা। এই বইয়ের ছড়াগুলো পড়ে তোমাদের মনে হবে তুষার কর একজন স্বপ্নের জাদুকর।’
শৈশব প্রকাশ বের করেছে তুষার করের ‘ভাঙা পথের রাঙা ধুলো’ ও ‘আমরা চলব আমাদের মতো’ শীর্ষক বই দুটি। সৈয়দ এনায়েত হোসেনের প্রচ্ছদ ও অলংকরণে বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা করে। এ বই দুটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, ‘তুষার করের প্রতিটি কিশোর কবিতা কিশোর মনস্তত্ত্বের গভীর তলদেশ-ছোঁয়া। যে বিষয়েই তিনি কবিতা লিখুন না কেন, তা-ই হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। এ বইয়ের কবিতাগুলো সমভাবে ছুঁয়ে যাবে যেমন কিশোরদের, তেমনি বড়দের মনকেও।’
উল্লেখ্য, তুষার করের জন্ম ১৯৫০ সালের ৫ ডিসেম্বর, সিলেটের জাফলংয়ে। পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার করের গ্রামে। শিক্ষা মদনমোহন ও মুরারিচাঁদ কলেজে। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ‘দুর্জয় বাংলা’ প্রকাশিত হয়। তাঁর একমাত্র প্রকাশিত ছড়া ও কিশোর কবিতার বই ‘আমার কিছু কথা আছে’। ব্যাংকের কর্মকর্তা ছিলেন তিনি। বর্তমানে অবসর জীবন যাপন করছেন।