নিজস্ব প্রতিবেদক | ১৪ এপ্রিল, ২০১৬
সকাল থেকেই নগরীর সড়কে সড়কে বর্ণিল পোষাকে তরুণ-তরুণীর ঢল, ট্রাকে পিকআপ ভ্যানে করে হুল্লোড় করে যা্চ্ছে 'দুষ্ঠ ছেলের দল', নিজেরা তো রং খেলছেই, আশপাশের যাত্রীদেরও রাড়িয়ে দিচ্ছে মাঝেমাঝে। গান গাইছে গলা ছেড়ে।
সকাল থেকেই খন্ড খন্ড শোভাযাত্রা, ঢাক-ঢোলের আওয়াজ। অমঙ্গলকে হটিয়ে নতুন বছরে মঙ্গল কামনায় এসব মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। নানা ধরণের ফেস্টুন, মুখোশ নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে উৎসবপ্রিয় নগরবাসী।
আর নগরীর বিভিন্ন বর্ষবরণ উৎসব স্থল থেকে ভেসে আসছে নতুন বছরের আবাহনী সঙ্গীত- 'এসো হে বৈশাখ, এসো এসো।'
তাছাড়া শাবি কিংবা এমসি কলেজের দিকে তো পা বাড়াবার ঝো নেই। যানবাহন আর জনমানুষের চাপে যেনো থমকে আছে পুরো এলাকা।
নগরীর সংস্কৃত কলেজ প্রাঙ্গণ, ব্লুবার্ড স্কুল প্রাঙ্গণেও বৈশাখি উৎসবে মানুষের ঢল নেমেছে। অসাম্প্রদায়িক এই উৎসবে মেতেছে নগরবাসী। প্রতিটি উৎসবস্থলেই বসেছে নানা ধরণের পণ্যের মেলা।