নিজস্ব প্রতিবেদক | ১৪ এপ্রিল, ২০১৬
নগরীর কাজিরবাজারে সুরমা নদীর উপর নির্মিত সেতুটি আজ (বৃহস্পতিবার) সারাদিনই ছিল লোকারণ্য। সন্ধ্যার পর এই সড়ক দিয়ে চলাচলকারী গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। পথচারীদের চলাচলের জায়গায়ও ছিল না পা ফেলার জায়গা ।
এবার প্রশাসনের সন্ধ্যার আগেই বর্ষবরণের অনুষ্ঠান শেষ করার নির্দেশনা থাকায় বেশিরভাগ আয়োজকরাই সন্ধ্যার আগে শেষ করেন অনুষ্ঠান। এ কারণে সন্ধ্যার পর নগরীর বিভিন্ন স্থান থেকে বিনোদন প্রত্যাশী বিপুলসংখ্যক মানুষের ঢল নামে থেকে কাজীর বাজার সেতুতে।
এতো বিপুলসংখ্যক মানুষ আসার কারনে ব্রীজের উত্তর ও দক্ষিণ প্রান্তের রিকাবীবাজার থেকে চন্ডিপুল পর্যন্ত লেগে যায় দীর্ঘ যানজটের।
যানজটের কারনে লাগা দুর্ভোগ সমাধানে স্থানীয় এলাকাবাসীরাও এসময় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কাজিরবাজার সেতুতে এক বন্ধুর সাথে বেড়াতে আসা সুনির্মল দাশ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ষবরণের ছুটির দিনে একটু সস্তির জন্য আসলেও বিপুলসংখ্যক মানুষ ও যানজটের কারনে না ঘুরেই বাড়িতে ফিরতে হচ্ছে।
দীর্ঘ যানজটের কারনে সেতুর কাছাকাছি যেতে না পেরে অনেকেই কিছুটা স্বস্তি পেতে ছুটে আসেন কীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর তীরে।