বড়লেখা প্রতিনিধি | ১৬ এপ্রিল, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে মোস্তাক আহমদ (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোস্তাক উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেছরিগুল এলাকার বাসিন্দা আপ্তাব আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৬ টার দিকে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত থেকে এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই মোস্তাক আহমদ ও তাঁর ছেলে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। সকাল ৬ টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোস্তাক আহমদের মৃত্যু হয়। পরে ছেলে বাড়িতে খবর দিলে পরিবারে লোকজন ও স্থানীয়রা মোস্তাককে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন বজ্রপাতে মোস্তাকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।