Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতাসহ ৩ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা ও ভাদিকারা গ্রামে বজ্রপাতে এক যুবলীগ নেতাসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), পশ্চিম বুল্লা গ্রামের রমজান আলী (৩৮) ও ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)। নিহতদের মধ্যে রমজান আলী লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক আবিদ আলী গুঙ্গিয়াজুরী হাওড়ে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, যুবলীগ নেতা রমজান আলী এবং শফিকুল আলম হাওড় থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তারা।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন  এ তথ্য জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.