Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় মাকে হত্যা করে মেয়েকে অপহরণ

কুলাউড়া প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৬

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে মাকে হত্যা করে রুমেনা বেগম (১৮) নামে এক কিশোরীকে অপহরণ করেছে। অপহরণে বাঁধা দেওয়ায় কিশোরীর মা ছায়রা বেগমকে (৪০)  হত্যা করে তারা। শনিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়া বস্তি এলাকার মাসুক মিয়ার ঘরে ঢুকে তার মেয়ে রুমেনাকে একদল মুখোশধারী দুর্বৃত্ত অপহরণের চেষ্টা চালায়। মেয়েকে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে রুমেনার মা ছায়রা বেগমকে দুর্বৃত্তরা মারধর করে মুখে বিষ ঢেলে দেয় এবং মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন ছায়রা বেগমকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার উপ পরিদর্শক ফরিদ আহমদ বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কুলাউড়া হাসাপাতাল থেকে লাশটি নিয়ে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ছায়রা বেগমের স্বামী মাসুক মিয়া পুলিশকে জানায়, তাঁর মেয়ে রুমানাকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে হত্যা করেছে।

সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত কিশোরীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.