Sylhet Today 24 PRINT

ঝড়ে বিপর্যস্ত সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাপক দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০১৬

শনিবারের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটে বিদ্যুৎব্যবস্থা। শনিবার ভোর ও সকালে সিলেটে দু’দফা কালবৈশাখী ঝড় হয়। এছাড়া দিনভরই লেগেছিলো বজ্রপাত ও শিলাবৃষ্টি। এতে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে।

ভোরে ঝড়ের পর থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো নগরী। এরপর থেকে মধ্যরাত পর্যন্ত যাওয়া আসার দশ্যে ছিলো বিদ্যুৎ। তবে নগরীর অনেক স্থানেই রাত পর্যন্ত বিদ্যুৎ আসেনি। নগরীর বাইরের এলাকাগুলোর অবস্থা তো আরো খারাপ। বাতাস দিলেই বিদ্যুৎহীন হয়ে পড়ে বিভিন্ন উপজেলা।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী নজরুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে সকাল ৭টা থেকে নগরী বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সঞ্চালন লাইন থেকে গাছ সরিয়ে মেরামতের পর বেলা ২টা থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।


জানা যায়, শাহী ঈদগাহ এলাকায় ৩৩ হাজার বোল্ডের বিদ্যুৎ লাইনের উপর একটি বিশাল গাছ পড়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।  মিরাবাজার এলাকায় একটি বিলবোর্ড উপড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। এছাড়া নগরী কাজীটুলা, উত্তর কাজীটুলা, ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইটুলা, বড়বাজার, খাসদবির, মদিনা মার্কেট, ইলাশকান্দি, বিমানবন্দর এলাকা, নয়াসড়ক, কুমারপাড়া, বাদামবাগিচা, মেজরটিলা, টিলাগড় এলাকাসহ অন্যান্য এলাকাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়।

সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.