হবিগঞ্জ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০১৬
হবিগঞ্জ সিলেট রুটে গত চারদিন যাবত বাস চলাচল বন্ধ থাকায় সাধারন যাত্রীরা বিপাকে পড়েছেন।
জানা যায়, গত বুধবার সিলেট কদমতলী বাস টার্মিনালে ঢাকা-সিলেট রুটের কয়েকটি বাসের শ্রমিকরা যাত্রী উঠানো নিয়ে হবিগঞ্জ- সিলেট বিরতিহীন বাসের ৪ বাস শ্রমিককে মারধোর করে।
এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিক সংগঠন গত বৃহস্পতিবার ভোর থেকে সিলেট রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ফলে গত চারদিন ধরে ওই রুটে হাজার হাজার সাধারন যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
যাত্রীদের বাধ্য হয়ে হবিগঞ্জ থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে অন্য রুটের বাসে চড়ে সিলেট যেতে হচ্ছে।
এ ব্যাপারে জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক শঙ্খ শুভ্্র রায় বলেন, শ্রমিক পেটানোর বিচার না হওযা পর্যন্ত সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে আজ মৌলভিবাজার বাস মালিক গ্রুপের মধ্যস্থতায় এ সমস্যা সমাধানের জন্য আমরা বসতেছি। আশা করছি এ সমস্যা নিরসনে দ্রুত কোনো পদক্ষেপ আসবে।