Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন: বানিয়াচং এ সন্ধার পর বাড়ছে প্রচার প্রচারণা

বানিয়াচং প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলায় মোট ১৪টি ইউনিয়নে এবারের নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনের বাকী মাত্র পাঁচ দিন। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ব্যস্ত হয়ে পড়ছেন ভোটারদের মন জয়ে। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। চায়ের দোকান, পাড়ার অলিগলি, কাপড়ের দোকান, মাছের বাজার বা খেলার মাঠ সব জায়গাই এখন ইউপি নির্বাচনের আলাপচারিতা।

নতুন ভোটাররা আগ্রহভরে অপেক্ষা করছেন ব্যালট বাক্সে ভোট প্রদানের জন্য। বিশেষ করে তরুণরা কারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারেই প্রথম দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। বানিয়াচংয়ে এখন ধান কাটার মৌসুম। এই মৌসুমে নির্বাচন হওয়ায় প্রার্থীরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। দিনের বেলা প্রচার প্রচারণা না করতে পেরে প্রার্থীরা সন্ধার পর দলের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। কারণ ভোটাররা বিশেষ করে পুরুষ ভোটাররা দিনের বেলায় হাওরে চলে যান ধান কাটতে আর ক্লান্ত শরীরে ফিরেন সন্ধার পরে। তাই সন্ধার পরেই প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো।

রবিবার সন্ধার পরে বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় বড়বাজার, নতুনবাজার, সারং বাজার, বাবুর বাজার, ৫-৬ নং বাজারসহ বিভিন্ন পয়েন্টে প্রচার প্রচারণা চালান।

এ সময় সদর ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বানিয়াচং উপজেলা বিএনপির সাবেব সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান (ধানের শীষ) সিলেটটুডে টুয়েন্টিফোরের এই প্রতিবেদককে বলেন, 'আমি দিনের বেলা প্রচারণা খুবই কম করি, সন্ধার পর দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াই। গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি, এবার আমার জয় সুনিশ্চিত ইনশাল্লাহ। ভোটাররা আমার পাশে রয়েছেন।'

সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে নির্বাচনী খবর সংগ্রহ করতে গেলে এক বৃদ্ধ বলেন, 'নির্বাচনের সময়ই তারা(প্রার্থীরা) শুধু আসেন, বছরের বাকী দিনগুলোতে তারা আমাদের কোনো খোঁজ খবর রাখেন না, এই রকম জনপ্রতিনিধি চাই না। আমরা সৎ, যোগ্য ব্যক্তিকে চাই, যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে।'

প্রচার প্রচারণায় কোনো ধরণের বাধার সম্মুখীন হচ্ছেন না প্রার্থীরা, এপর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নি। ইতিমধ্যেই বানিয়াচংয়ের বিভিন্ন স্থানে টহল দেওয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি জানান, 'হবিগঞ্জের শান্তিময় স্থান হচ্ছে বানিয়াচং, সব ধরণের ঝামেলা এড়াতে আমরা সবসময় তৎপর।'

উল্লেখ্য ১৩৯টি কেন্দ্রে ৬৩২ টি কক্ষে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় মোট ভোটর সংখ্যা ২ লাখ ২০হাজার ২ শ ৩২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৫ শ ৫ জন আর মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৭ শ ২৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.