তপন কুমার দাস, বড়লেখা : | ১৯ এপ্রিল, ২০১৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চমক দেখিয়েছে মৌলভীবাজারের বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। মঙ্গলবার (১৯ এপ্রিল) ২০১৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ফলাফল ঘোষণা করা হয়।
২০১৫ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ২৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৯ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ৫০ জনের মধ্যে ৩৮ জন বৃত্তি পাওয়ার খবরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
স্কুল পরিচালনার কমিটির সদস্য মছরুর আলম চৌধুরী বলেন, উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে ভালো ফলাফল সম্ভব হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ জানান, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে যাচ্ছে। সকলের আন্তরিকতার কারনে ভালো ফলাফল সম্ভব হয়েছে।
এদিকে লাইসিয়াম স্কুলসহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার বড়লেখা উপজেলার ১৯৩ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে সরকারী প্রাথমিক বৃত্তি পেয়েছে।