Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা : বিদ্রোহীদের নিয়ে বিপাকে আ. লীগ

দেবব্রত চৌধুরী লিটন, জৈন্তাপুর থেকে ফিরে  |  ২০ এপ্রিল, ২০১৬

আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে জৈন্তাপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এদিন উপজেলার ৬ টি ইউপিতে ১,লাখ ২৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলার ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের কারণে বিপাকে পড়তে হতে পারে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থীদের। উপজেলার ৪ টি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন।

মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, সকল প্রার্থীই ব্যস্ত নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে। দলীয় প্রতীকে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ২৯ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ২৮১ জন ও সংরক্ষিত আসনে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মঞ্জুর এলাহী সম্রাট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মো.ইন্তাজ আলী, এছাড়া সতন্ত্র প্রার্থী রয়েছেন আনারস প্রতীকে আব্দুল মানিক মানিক, মটর সাইকেল প্রতীকে মো.আবদুল্লাহ, ঘোড়া প্রতীকে কবির আহমদ, টেলিফোন প্রতীকে মো. জসিম উদ্দিন ও চশমা প্রতীকে নূরুল ইসলাম। এই ৭ জন প্রার্থীর মধে মুলত প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামী লীগের মঞ্জুর এলাহী সম্রাট ও বিএনপির প্রার্থী মো.ইন্তাজ আলীর মধ্যে।

মঞ্জুর এলাহীর বাবা মখলিছুর রহমান দৌলা ছিলেন একসময়ের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তাঁর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে উপজেলাজুড়ে। এতে করে ভোটারদের সহানুভূতি তার উপর রয়েছে বলে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে।

২ নং জৈন্তাপুর ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন প্রার্থী। এদের মধে মূল প্রতিদ্বন্ধিতায় থাকবেন নৌকা প্রতীকে আওয়ামীলীগের মো.এখলাছুর রহমান ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নায়েক (অব:) আব্দুল নুর। এছাড়াও এই ইউপিতে প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকে মো. আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঘোড়া) ও হোসেইন আহমদ (আনারস)।

৩নং চারিকাটা ইউপিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৩ স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী মো.আবদুল হক (টেলিফোন), মো. শাহ আলম চৌধুরী তোফায়েল ( আনারস) ও মো. সুলতান করিম (ঘোড়া)।

এই ইউপিতে চেয়ারম্যান পদে অপর প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকে মো.আয়ুব আলী, বিএনপির ধানের শীষ প্রতীকে মো. হেলাল উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকে লাল মোহন দেব।

জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪জন। এদের মধে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মো.কামাল আহমদ ও বিএনপির ধানের শীষ প্রতীকে মো.বাহারুল আলম বাহার। আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো.ছয়ফুল আলম। এই ইউপিতে অপর স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মোহাম্মদ নুরুজ্জামান।

৫নং ফতেহপুর ইউপিতে মোট ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এই ইউপিতে ধানের শীষ প্রতীকে মো. আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মো.রফিক আহমদের মধে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান ভোটাররা। এই ইউপির অপর প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  আনারস প্রতীক নিয়ে  হানিফ মোহাম্মদ প্রতিদ্বন্দ্বিতা করায় কিছুটা বেকায়দায় পরতে পারেন আওয়ামী লীগের রফিক আহমদ এমনটাই জানিয়েছেন স্থানীয় ভোটাররা।

৬নং চিকনাগুল ইউপিতে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মো.আলী আহমদ (নৌকা), বিএনপির আবু জাকারিয়া মো.আব্দুল বারী ( ধান), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুর রশীদ (আনারস) ও জাতীয় পার্টির মো.সিদ্দিক আহমদ ( লাঙ্গল)। জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধে এই ইউপিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে স্থানীয় ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.