Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বিষপানে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

বানিয়াচংয় প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

হাসপাতালে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ করলেও রুমার মৃত্যুর পরপরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান। পরবর্তীতে দিনভর হাসপাতালে লাশ পড়ে ছিল। সন্ধ্যা পর্যন্ত নিহত রুমার স্বজনদের কেউ না আসায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আশীষ রায়ের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সূত্র জানায়, গতকাল সাড়ে ১২টার দিকে যাত্রাপাশা গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী রুমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে বিষপান করার কথা বলে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে রুমা আক্তার মারা যায়। এরপর রুমা আক্তারের স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্যান্য লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।

এ অবস্থায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে রুমা বিষপানে মারা গেছে নাকি তাকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিল রুমা। সূত্র জানায় যাত্রাপাশা গ্রামের
রাজমিস্ত্রি নাজমুল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কাজ করতে গিয়েছিল। কাজের সুবাদে সেখানে রুমার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে সে রুমাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে হবিগঞ্জ নিয়ে আসে। এরপর থেকে শুরু হয় তার উপর নির্যাতন।

মঙ্গলবার সকালে স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় রুমা ছটফট করতে থাকলে তাকে মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.