Sylhet Today 24 PRINT

তাঁতিপাড়ায় ঝুঁকিপূর্ণ তিনতলা ভবন অপসারণ করছে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০১৬

নগরীর তাঁতীপাড়ায় ৩ তলা বিশিষ্ট  একটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩২ ভবনের অপসারণের কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঝুঁকিপূর্ণ এই ভবন ভাঙার কাজ শুরু হয়। এর আগে এই ভবন ভাঙতে ভবন মালিককে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সিটি কর্পোরেশন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমাদের কাছে ৩২টি ঝুঁকিপূর্ন ভবনের তালিকা ছিল, সে অনুযায়ী এই ভবন ভাঙার কাজ শুরু হয়েছে, জনগণের নিরাপত্তার স্বার্থে নগরীর আরও ঝুঁকিপূর্ন ভবন খুঁজে বের করে সেগুলোর ব্যপারেও ব্যবস্থা নেয়া হবে'।


তিনি বলেন, নগরীর মধুবন, রাজা ম্যানশন, সমবায় ভবন - এই ভবনগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবনগুলোর ব্যবসায়ীদের অন্যত্র সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

তাঁতিপাড়ায় এই ভবন ভাঙার খরচ ভবন মালিকই বহন করবে বলে জানিয়েছেন এনামুল হাবিব।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ডাউকি ফল্ট সিলেটের খুব কাছাকাছি হওয়ায় এই অঞ্চল খুবই ঝুঁকিপূর্ণ। ৩২  ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হয়েছে সে অনুযায়ী এই ভবন ভাঙ্গা হচ্ছে। ভবনমালিক আমাদের সহযোগিতা করছেন' 


এছাড়া সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট খালি করে দেওয়ার জন্যও সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।


তাঁতিপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন চৌধুরী বলেন, এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। পাশেই এইডেড স্কুল থাকায় শিক্ষার্থীরাও এই ভবনের পাশ দিয়ে যাওয়া আসার সময় ঝুঁকির মধ্যে থাকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অফিসের সহকারী পরিচালক মোঃ. শহিদুর রহমান বলেন,  সিটি করপোরেশন থেকে নকশা অনুমোদনের আগে ভবন মালিককে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হয়। কিন্তু তা অনুসরণ করা হয়নি। সিলেট ফায়ার সার্ভিসের কাছে নগরীর প্রায় ২শ’ বহুতল ভবনের তালিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভবনের প্রায় অর্ধেকই নির্মাণ হয়েছে ফায়ার সার্ভিস’র প্রাথমিক অনুমোদন না নিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.