সিলেটটুডে ডেস্ক | ২১ এপ্রিল, ২০১৬
তনুসহ সকল নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে আগামী ২৫ এপ্রিল প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহবানে সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হবে। হরতাল সফল করতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা আজ নগরের টিলাগড়, বালুচর, শাহী ঈদগাহ, ইলেকট্রিক সাপ্লাই, আম্বরখানা, শিবগঞ্জ, উপশহর, মেন্দিবাগ, চৌহাট্টা, নয়াসড়ক, জিন্দাবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিপন আহমেদ, মদন মোহন কলেজে শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া এম.সি কলেজ শাখার সংগঠক আল-আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সদর উপজেলার আহবায়ক বিশ্বজিৎ শীল, পলাশ কান্ত দাস, সজীবুর রহমান, পিংকী চন্দ, আব্দুল কুদ্দুস মোহেন,কাঞ্চন প্রমুখ।
গণসংযোগকালে সংগঠনের নেতাকর্মীরা হরতালে যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘একটি দেশ কতটুকু গণতান্ত্রিক তা জানা যায় সে দেশের নারী সমাজ কতটুকু স্বাধীন ও মুক্ত তার উপর। আজ দেশে ভয়াবহ নারী নির্যাতনের মাত্রা দেখে অনুমান করার উপায় নেই যে গণতান্ত্রিক দেশের জন্যে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন আর সম্ভ্রম হারিয়ে ছিলেন ২ লক্ষ নারী। নারী নির্যাতনের মাত্রা একদিকে যেমন বাড়ছে অন্যদিকে বাড়ছে ভোগবাদী আত্মসর্বস্ব জীবনের প্রসার। এর সামগ্রিক ফলাফলে সমাজে তৈরি হচ্ছে নারী ও শিশু নির্য়াতন-হত্যা। আর মুনাফা লোভী একচেটিয়া পুজিঁপতি শ্রেণীর স্বার্থে ক্ষমতায় অধিষ্ঠিত শাসক গোষ্ঠি এই হত্যাকান্ড কিংবা নির্যাতনের কোন বিচারই প্রায় করছে না। ফলে তৈরি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। এই বিচারহীনতার সংস্কৃতি এবং নারী ও শিশু হত্যার প্রতিবাদে হরতাল পালিত হবে। হরতালে সকলের সার্বিক সহযোগিতা কাম্য।’