Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজ দুই জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার ১৭ ঘণ্টা পর শুক্রবার বেলা ৩টায় একজনের লাশ পাওয়া যায়। এর দেড়ঘন্টা পর আরেকজনের মরদেহ মেলে বলে জানান সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় ভুগদার খালে নৌকাডুবিতে ওই অনুষ্ঠানের বাদক দলের দুই সদস্য নিখোঁজ হন।

এরা হলেন সিলেট সদরের লাক্কাতুরা চা বাগান এলাকার বছন লোহারের ছেলে গোপেন লোহার (২৮) ও মধু নায়কের ছেলে নয়ন নায়ক (৩০)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টার দিকে ভুগদার খাল থেকে গোপেন লোহার ও সাড়ে ৫টায় নয়ন নায়কের মরদেহ উদ্ধার করেছে।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলোয়া হোসেন বলেন, উপজেলার নন্দির গাঁও ইউনিয়নের দাড়িরপারে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সাত জনের বাদ্যযন্ত্র শিল্পীর দল।

“পথে ঝড়ের কবলে পড়ে তাদের ইঞ্জিনচালিত ছোট নৌকা  ভুগদার খালে ডুবে যায়।

“পাঁচ জন সাঁতরে তীরে উঠলেও নয়ন ও গোপেনকে পাওয়া যায়নি।”

ওসি বলেন, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.