Sylhet Today 24 PRINT

কালবৈশাখী তাণ্ডব : ছাতকে খোলা আকাশের নিচে দুশতাধিক পরিবার

মুজিবুর রহমান, ছাতক |  ২৩ এপ্রিল, ২০১৬

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দু’টি ইউনিয়নের ১২টি গ্রাম। পর পর দু’দফা ঝড়ো-হাওয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে দেড় শতাধিক কাচা ও আধা পাকা ঘর। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিসহ অসংখ্য গাছপালা।

এতে প্রাণ হারিয়েছেন ঝড়ের কবলে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ।আহত হয়েছেন আরো অর্ধশতাধিক নারী-পুরুষ। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় প্রায় দু’শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা ও ৭টায় উপজেলার দক্ষিণ খুরমা ও চর-মহল্লা ইউনিয়নের উপর দিয়ে দু’দফা ঝড়ো-হাওয়ায় দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা, হাদনালি, পুড়াকাটি, হরিসরণ ও চর-মহল্লা ইউনিয়নের টেটিয়ারচর, চুনারুচর, খালিয়ারচর, চরমাধব, খরিদিরচর, বল্লবপুর গ্রামের কাচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়।

ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ভেঙে পড়েছে শত শত গাছপালা।

ঘরের চালের খুলে পড়া টিনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন খরিদিচর গ্রামের আব্দুল হকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। এছাড়াও আহত হয়েছেন নারী-পুরুষসহ আরো অর্ধশতাধিক। আহতদের ছাতক উপজেলা সদর হাসপাতাল ও কৈতক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুর ১টায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চেীধুরী ছাতকের ইউএনও আরিফুজ্জামান, এসিল্যান্ড শেখ হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.