দেবব্রত চৌধুরী লিটন, জৈন্তাপুর থেকে | ২৩ এপ্রিল, ২০১৬
ভোটকেও উৎসবে পরিণত করতে বাঙালির কোন জুড়ি নেই, আর সে সত্যকেই আবারো সামনে নিয়ে এসেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ভোটাররা। বৃষ্টিকে উপেক্ষা করে 'খোলা আকাশের নিচে’ ডেকোরেটার্স দিয়ে বানানো ভোটকেন্দ্রে ভোট দিতে ধৈর্য্য সহকারে সারিবদ্ধ হয়েছেন ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসী।
উপজেলার নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলবাড়ি স্যাটেলাইট কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দেখা যায় এক ভিন্ন চিত্র। কেন্দ্রের ৭টি বুথের মধ্যে ৫টি বুথই ডেকোরেটার্স দিয়ে বানানো শেডের নিচে। ফলে ভোটাররা খোলা আকাশের নিচেই দিচ্ছেন তাদের ভোট।
তিন দফা বৃষ্টিতে বন্ধ হয়ে পড়ে ভোটগ্রহণ কার্যক্রম। বৃষ্টি শেষ হলে ফের ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২হাজার ৩৩৭জন। তার মধ্যে ১হাজার ১৭৮জন পুরুষ এবং নারী ভোটার ১হাজার ১৫৯টি।
ভোটকেন্দ্রে কর্তব্যরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য আবুল কালাম জানান, ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টা, ১২ টা ও দুপুর ২টায় বৃষ্টি হয়েছে। এ সময়ও বৃষ্টিতে ভিড়ে ভোটাররা লাইন দাড়িয়ে ছিলেন।
তবে বৃষ্টিতে ভিড়ে খোলা আকাশের নিচে ভোটগ্রহণের আয়োজনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ভোটার বিপুল মোহন দাস। তিনি বলেন, পাশেই ঘিলাতলীতে একটি স্কুল রয়েছে। নির্বাচন কমিশন চাইলেই সেখানে ভোটগ্রহণ করতে পারতো, কিন্তু তা না করে ভোটারদের সমস্যার মধ্যে ফেলতেই যেন এ স্কুলে ভোটগ্রহণের কেন্দ্র করা হয়েছে।
সাধারণ ভোটারদের সমস্যার প্রসঙ্গে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান, এ স্কুলকে কেন্দ্র হিসেবে সিদ্ধান্ত গ্রহণের পর আমি কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাই। এ কেন্দ্রে মাত্র দুটি বুথ স্থাপন করা যাবে জানিয়ে আমি কেন্দ্র পরিবর্তনের অনুরোধ জানালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্র স্থানান্তর না করে আরো ৫টি অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা করা হয়। তবে এলাকাবাসী বেশ সহযোগিতা করছেন, বৃষ্টি উপেক্ষা করেও তারা ভোট দিচ্ছেন খোলা আকাশের নিচেই।
তিনি জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য এ কেন্দ্রে আরো ২১জন কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। বৃষ্টির মধ্যে গতরাত জেগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, নির্বাচন কমিশনের গেজেটভূক্ত হওয়ায় এই কেন্দ্র পরিবর্তন করা যায়নি।