ছাতক প্রতিনিধি | ২৩ এপ্রিল, ২০১৬
ছাতকে দুটি সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহত হরেকৃষ্ণ চক্রবর্ত্তী (৫৫) ছাতক পৌরশহরের ২নং ওয়ার্ডেও নোয়ারাই ইসলামপুর এলাকার মাখন চক্রবর্ত্তীও ছেলে।
শনিবার সকাল সাড়ে ১১টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাতক থেকে সিলেটগামী সিএনজি অটোরিকসা মাধবপুর সেতুতে পৌঁছলে একটি চাকা খুলে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো অটোরিকসাই দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চাতক সিমেন্ট ফেক্টরির এমটিএস বিভাগের স্থায়ী শ্রমিক হরেকৃষ্ণ। আহত হন চালকসহ আরো ৬ জন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে ছাতক উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।