Sylhet Today 24 PRINT

সিলেট রেলওয়ে স্টেশনে ককটেল হামলা:পালাতে গিয়ে দুজনকে গণপিটুনি

সিলেট রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে ও বাবনা মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধকারীরা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৫

সিলেট রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে ও বাবনা মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধকারীরা। রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনি খেয়েছে দুই হরতাল ও অবরোধ সমর্থক পিকেটার  ।  বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে রেলওয়ে পুলিশ এদের আটক করে নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার রাত সোয়া ৯টার দিকে মোটর সাইকেলে কয়েকজন যুবক এসে সিলেট রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে একটি ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে রেলওয়ে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত বা কোন রকম ক্ষতি হয়নি।

প্রায় একই সময় দক্ষিণ সুরমার বাবনা মোড়ের পাশে দুর্বৃত্তরা দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন- রেলওয়ে স্টেশনের সামনে বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধকারীরা। তবে ওই  এলাকাটি জিআরপি থানার আওতাভূক্ত বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.