Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান বুবলী

এস আলম সুমন, কুলাউড়া |  ২৪ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজার জেলার ইতিহাসে প্রথম নারী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন নার্গিস আক্তার বুবলী। তিনি একই সঙ্গে এবারকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী চেয়ারম্যান।

৩য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ওই ইউনিয়নের বর্তমান (সদ্য সাবেক) চেয়ারম্যান মো. শাহজাহানের স্ত্রী।

জানা যায়, কুলাউড়া ইউনিয়ন পরিষদের বর্তমান (সদ্য সাবেক) চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. শাহজাহান টানা তিনবার ধরে নির্বাচিত হয়েছিলেন। এইবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান নি তিনি। প্রার্থী হন তার স্ত্রী নার্গিস আক্তার বুবলী।

গত ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে বুবলী আনারস প্রতীকে ২১৮৯ ভোট পেয়ে জেলার মধ্যে প্রথম নারী ইউপি চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে ১৯৯৩ ভোট পেয়েছেন।

নার্গিস আক্তার বুবলী বলেন, চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের সমঅধিকার আদায়ে ও ক্ষমতায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.