Sylhet Today 24 PRINT

তনুর জন্য হরতালে সিলেটে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক  |  ২৫ এপ্রিল, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুসহ দেশব্যাপী অব্যাহত গুম খুনের প্রতিবাদে সারাদেশে ডাকা অর্ধ দিবস হরতাল সিলেটেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালে নগরীতে হালকা যানবাহন চলতে দেখা গেছে।  

সোমবার (২৫ এপ্রিল) সকালে হরতাল সমর্থনে মিছিল বের করে  প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হয়ে বন্দর বাজারে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রজোট নেতারা বলেন, আজ দেড়মাস হয়ে গেলেও প্রসাশন তনুর খুনিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো ঘটনাটি ইতিমধ্যে ধামাচাপা দেয়া হয়েছে। প্রায় নিয়ম করেই দেশে প্রগতিশীল চিন্তার মানুষদের একের পর এক হত্যা করা হলেও সরকার সে ব্যাপারেও নির্বিকার।

তারা বলেন, এই অবস্থায় দেশ আজ ভয়ংকর বিপদের মুখে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে খুঁড়ে দাঁড়ানোর আহবান করেন ছাত্র নেতারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্তের পরিচালনায়,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সহসভাপতি সাকিব চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সপ্তর্ষি দাশ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.