Sylhet Today 24 PRINT

মেজরটিলায় পানির ট্যাঙ্কির উপর উঠে আত্মহত্যার ঘোষণা যুবকের, উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৬

সিলেট সদর উপজেলার মেজরটিলায় পানির ট্যাঙ্কির উপরে উঠে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন এক যুবক। রোববার বিকেলে হাতে ছুঁড়ি নিয়ে পানির ট্যাঙ্কির উপড়ে উঠে অজ্ঞাতপরিচয় এক যুবক আত্মহত্যার করার ঘোষণা দেন।

যুবকের এই ঘোষণার পর পানির ট্যাংকিকে ঘিরে কয়েকশ' উৎসুক জনতা ভিড় করেছেন। এতে সিলেট-তামাবিল সড়কে যানজট লেগে আছে। ভিড় করা জনতার অনেককে মোবাইল ফোন দিয়ে ছবি তুলতেও দেখা যায়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মেজরটিলার ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা শহীদ মিয়ার পুত্র এমরান মিয়া (২০) সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের অটোরিক্সার চালক খালিকের সাথে গাড়ির জমা নিয়ে কথা কাটাকাটির জের ধরে আত্মহত্যার প্রচেষ্টা চালায়।

সিএনজি অটোর ড্রাইভার খালিক অটোরিক্সার জমা বাবদ প্রতিদিন এমরানের কাছে ৬০০ টাকা দেওয়ার কথা তার মাকে জানালে এমরান ৫০০ টাকা পাওয়ার দাবি করে।  বেশ কিছু সময় এনিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে ড্রাইভার খালিক চলে গেলে ইমরান তার মাকে বলে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমি মরে যাব, আর সে যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে নিজের জুতো দিয়ে নিজেই মারতে হবে। এর কিছুক্ষণ পরেই এমরান দা ও ব্লেইড দিয়ে নিজের শরীরে আঘাত করতে থাকে। ডান হাতে দা ধরে বাম হাতে ছেদ মেরে নিজেকে রক্তাক্ত করে নিজের বাড়ির দোতলার ছাদের উপর থাকা প্লাস্টিকের পানির টেংকির উপরে উঠে যায় এবং এখান থেকে আত্মহত্যা করবে বলে জানায়।

খবর পেয়ে পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ঘণ্টা খানেকের মধ্যে তাদের অনুরোধে ড্রাইভার খালিকে সেখানে হাজির করা হয়। খালিদ নিজের শরীরে জুতো মারার পর এমরান টেংকির উপর থেকে নেমে আসলে পুলিশ এমরানকে নিয়ে যায়।

এর আগেও এমরান ৩ মাস আগেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানায় এলাকাবাসী। দরজা ভেঙে তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.