Sylhet Today 24 PRINT

জ্বালানি তেলে অতিরিক্ত মূল্য আদায়: বড়লেখায় ২ বিক্রেতার মুচলেকা

বড়লেখা প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি অতিরিক্ত ১০ টাকা আদায়ের অভিযোগে আটক দুই জ্বালানী তেল বিক্রেতা মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেলেন।

রোববার রাতে সরকার এক প্রজ্ঞাপনে লিটার প্রতি ডিজেল কেরোসিনে ৩ টাকা ও অকটেন পেট্রোল ১০ টাকা মূল্য হ্রাস করলেও তারা পূর্বের মূল্যে বিক্রি করছিলেন।

জানা গেছে, সরকারী নির্দেশ অমান্য করে বড়লেখার বিভিন্ন জ্বালানী তেল বিক্রেতা সোমবার পূর্বের দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করতে থাকেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে পৌরশহরের জ্বালানী বিক্রেতা হাজী নিমার আলী এন্ড সন্সের ম্যানেজার সোহেল আহমদ ও কৃপাসিন্ধু এন্ড কোং পেট্রোল পাম্পের মালিক কৃপাসিন্ধুকে আটক করে থানায় নিয়ে যান। পরে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানী তেল বিক্রির মুচলেকা দেয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে আটক দুই জ্বালানী তেল বিক্রেতাকে মুচলেকায় ছেড়ে দেয়ার সত্যতা স্বীকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.