Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের এক বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার, আটক ৪

মৌলভীবাজার সংবাদদাতা  |  ২৬ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজার শহরের পশ্চিম বরহাট এলাকা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোর বয়সী এই গৃহকর্মীর নাম স্বপ্না বেগম (১৬)। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। আটক চার জন হলেন- স্বপ্নার গৃহকর্তা কয়ছর মিয়া (৫০), তার স্ত্রী আছিয়া বেগম (৪৫), ছেলে রুবেল মিয়া (২৫) ও আরেক গৃহকর্মী জাহির মিয়া (৩০)।

সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার পূবভাগ এলাকার ফারুক মিয়ার মেয়ে স্বপ্না বেগম দীর্ঘদিন ধরে কয়ছর মিয়ার বাসায় কাজ করে আসছিল


স্থানীয় সূত্রে জানা যায়,  স্বপ্না রাতে রান্না ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশে খবর দেন কয়ছর।

পরে পুলিশ এসে রান্না ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.