নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০১৬
সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এমসি কলেজছাত্র শামীম আহমদ ছোটন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন- কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের আলিম উদ্দিন, জিয়া উদ্দিন, মনির মিয়া, জৈন উদ্দিন, জালাল উদ্দিন, ছয়দুর রহমান, কালা মিয়া, কালীবাড়ি গ্রামের বিল্লাল মিয়া, সিরাজুল ইসলাম, কলাবাড়ি গ্রামের আলী নূর, কালীবাড়ী গ্রামের রজন মিয়া, কলাবাড়ী গ্রামের শাহাবউদ্দিন, আব্দুল হামিদ, শুকুর আলী, উত্তর কলাবাড়ী গ্রামের মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন, উত্তর রাজনগর গ্রামের মাসুক মিয়া, ফারুক মিয়া ও কালীবাড়ীর জুলহাস মিয়া।
তন্মধ্যে রজন মিয়া, জিয়া উদ্দিন, ফারুক মিয়া ও জুলহাস মিয়া কারাগারে আছেন। বাকিরা এখনো পলাতক।
সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুর রহমান মুকুল চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৩০ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সেখানে অবস্থানরত কোম্পানীগঞ্জের পুরান ভোলাগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা হাজী সমর আলীর ছেলে ও সিলেটের এমসি কলেজের ছাত্র শামীম আহমদ ছোটনকে পিটিয়ে হত্যা করা হয়।
হত্যাকান্ডের পর ছোটনের ভাই গিয়াস উদ্দিন বতুল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় কলাবাড়ী গ্রামের আলিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়।
কলেজছাত্র শামীম আহমদ ছোটন হত্যাকান্ডে কোম্পানীগঞ্জে ছড়িয়ে পড়ে আন্দোলন। এমনকি ছোটন হত্যাকান্ডের প্রতিবাদে এবং বিচার দাবিতে সিলেটেও আন্দোলন হয়। এমসি কলেজসহ সিলেটের সব কয়টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোটন হত্যার বিচার দাবিতে রাজপথে নামেন। অবশেষে আলোচিত এই হত্যাকান্ডের প্রায় ৬ মাস পর চার্জশিট দাখিল করলো পুলিশ।