Sylhet Today 24 PRINT

হামলা ঠেকাতে সিএনজি স্টেশনে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে সিলেট নগরীতে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। হামলা থেকে রক্ষা পাচ্ছে না নগরীর সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলো। বর্তমানে নাশকতাকারীদের হামলার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোলপাম্প।

গত ১৫ দিনে নগরীর প্রায় ৭টি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা চালিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।  সর্বশেষ বুধবার সকালে সোবাহানীঘাটে মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হকের মালিকানাধীন পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। তবে ককটেলগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এর আগে গত শনিবার মিরাবাজারস্থ বিরতি পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে পেট্রোল বোমা হামলা চালায় নাশকতাকারীরা। হামলায় পাম্পের দুটি ফুয়েল ডিসপেন্সারে আগুন লেগে যায়।

অব্যাহত হামলার শিকার হওয়ায় সিলেটের পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের নিরাপত্তা দাবিতে গত মঙ্গলবার প্রশাসনের সাথে বৈঠকে বসেন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন মালিকরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাত থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ও ব্যস্ততম এলাকার পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়। 

নগরীর পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পুলিশ পাহারা বসানোয় পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনগুলোর মালিকদের মধ্যে কিছুটা স্বস্থি ফিরে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প এন্ড সিএনজি ফিলিং স্টেশন ওনার্স গ্রুপ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

এ ব্যপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ সিলেটভিউ২৪ডটকমকে জানান- পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তায় এখন থেকে সার্বক্ষনিক পুলিশ প্রহরা থাকবে। ইতোমধ্যে ঘটে যাওয়া হামলার ঘটনার সাথে জড়িতদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.