বড়লেখা প্রতিনিধি | ০৫ মার্চ, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ ক্ষমতার আইনে গ্রেফতারকৃত সিএইচসিপি (স্বাস্থ্য কর্মী) রবিউল ইসলাম সুহেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৪মার্চ) বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কাছে এ সংক্রান্ত আদেশের কপি পাঠিয়েছেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডাঃ মাখদুমা নার্গিস।
থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার এজাহার নামীয় আসামী ৬নং বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম সুহেলকে গ্রেফতার করে। রবিউল ইসলাম সুহেল উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র ও ডিমাই কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত। চাকুরীর পাশাপাশি রবিউল ইসলাম সুহেল জামায়েত ইসলামীর রাজনীতির সাথে জড়িত এবং বড়লেখা সদর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। এর আগে ২০১৪ সালের ২ জুনে পুলিশ তাকে একবার গ্রেফতার করেছিল।
রবিউল ইসলাম সুহেল গ্রেফতারের পরের দিন রোববার (১ মার্চ) এ বিষয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রবিউলের গ্রেফতারের বিষয়ে অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডাঃ মাখদুমা নার্গিসকে লিখিত ভাবে অবহিত করেন। এরই প্রেক্ষিতে আরসিএইচসিআইবি প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডাঃ মাখদুমা নার্গিস কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেলকে সাময়িক বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে সরকারী কর্মচারী ৯ (শৃংখলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর ১১(১)নং বিধি অনুযায়ী অভিযোগ নামা গঠন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কমল রতন সাহা রবিউল ইসলাম সুহেলের সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করেছেন।