Sylhet Today 24 PRINT

প্রতিমা ভাংচুর পরিকল্পিত, পুজা উদযাপন পরিষদের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর চালিবন্দর ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। বুধবার বেলা ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন- গত ২০ এপ্রিল রাত ৮টায় ৪-৫ জন যুবক সিলেট নগরীর চালিবন্দর ভৈরব মন্দিরে প্রবেশ করে মন্দিরের বাতি নিভিয়ে প্রতিমা ভাংচুর করে। মন্দিরের ভেতরের ভাংচুরের শব্দ শুনে স্থানীয় জনগণ এগিয়ে এলে যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনগণ একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জনতার হাতে আটককৃত যুবকের নাম খলিল আহমদ। ইতিমধ্যে কোন কোন মহল থেকে আটককৃত যুুবককে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে। যা প্রকারান্তরে অপরাধীকে আড়াল করার শামিল।

স্মারকলিপিতে আরো উলে­খ করা হয়- কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কথায় সংঘবদ্ধভাবে ৪-৫ জন মিলে প্রতিমা ভাংচুর করতে আসতে পারে না। তাছাড়া ঘটনার সময়ে মন্দিরের বাতি নিভিয়ে ভাংচুর শুরু করা বিষয়টিকে পরিকল্পিত ঘটনা হিসেবে প্রমাণ করে। তাছাড়া এই ন্যাক্কারজনক ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

উল্লেখ্য, বিগত ১৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি উক্ত মন্দিরের পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিত করাসহ ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে স্মারকলিপিতে পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করা হয়।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় উপদেষ্টামন্ডলীর সদস্য শিক্ষাবিদ বিরাজমাধব চক্রবর্ত্তী মানস, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, জেলা  সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মহানগরের সিনিয়র সদস্য তপন মিত্র, মহানগর পূজা কমিটির যুগ্ম সম্পাদক চন্দন দাস, জেলার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ চালিবন্দর ভৈরবতলা মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ধনেশ দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.