Sylhet Today 24 PRINT

শিক্ষার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আইনীভাবে শিক্ষায় আঘাতকারীদের মোকাবেলা করে বিচারের সম্মুখিন করতে হবে। এ ব্যাপারে যথাসম্ভব সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে।

বৃহস্পতিবার সিলেটের আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাগুলো বলেন।

এসময় তিনি বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের নিজস্ব কোন নিরাপত্তা বাহিনী নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করবে। পুলিশের সহায়তা নিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।

এর আগে জাতীয় আইনগত দিবস উপলক্ষে সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমন পাটোয়ারীর সভাপতিত্বে লিগাল এইড অফিসার তসলিমা শারমিনের পরিচালনায় আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে একটি আন্তর্জাতিক মান রয়েছে। তাই দুনিয়ার কোন আইনজীবী আমাদের মান নিয়ে কোন প্রশ্ন তুলতে পারেনি। সুবিচার পাওয়ার মাধ্যমে ক্ষতিপূরণ হয় না, তবে শান্তনা পাওয়া যায়। আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। বিচারকের সব ধরনের মর্জাদা ও সম্মান দিতে হবে। বিচার ব্যবস্থা যত উন্নত হবে দেশ ততো উন্নত হবে বলে এসময় মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জননিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী আদালতের বিচারক মফিজুর রহমান ভুইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিমল শিকদার, মূখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরু, সিলেট জেলা বারের পিপি এড. মিসবাহ উদ্দিন সিরাজ, জিপি এড.খাদিমুল মিল্লাত জালাল, জেলা বারের সভাপতি এড একেএম সমিউল আলম, সাধারণ সম্পাদক এড.শাহ আশরাফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.