Sylhet Today 24 PRINT

বাগবাড়িতে তুলা কারখানার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৫

সিলেট নগরীর উত্তর বাগবাড়িস্থ আল মদিনা আবাসিক এলাকায় একটি তুলা ফ্যাক্টরির গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই আবাসিক এলাকায় ৩৬৪ নং বাসায় কামাল বেডিং স্টোর নামক একটি তুলা ফ্যাক্টরির গুদামে শুক্রবার বিকাল ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- কামাল বেডিং স্টোর নামক ওই তুলা ফ্যাক্টরির গুদাম থেকে শুক্রবার বিকাল ৩টার দিকে আগুনের ফুলকি ও ধোয়াকুন্ড বেরুতে থাকে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীন আহমদ জানান- বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে তুলা ফ্যাক্টরির গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.