কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা | ০৬ মার্চ, ২০১৫
তাঁত ও বস্ত্র শিল্পে সমৃদ্ধ মণিপুরী অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তাঁত শিল্পের প্রসার ঘটানো হবে। ১০ কোটি টাকা ব্যয়ে মণিপুরি তাঁত বস্ত্রের ফ্যাশন ডিজাইনের উন্নয়ন কল্পে একটি ইনস্টিটিউট স্থাপন করা হবে। শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জে তাঁত বোর্ডের বেসিক কেন্দ্র পরিদর্শণ শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসানুর রহমান, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ইমদাদুল হক। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ মিনতি সিনহা, শ্যাম চন্দ সিংহ, ডা. বিপ্লব কুমার সিংহ, ইউপি সদস্য রনজিত কুমার সিংহ মনিপুরী তাঁতীদের তৈরী তাঁত ও বস্ত্র উন্নয়নে বাজারজাতকরণে নানামুখী সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, দেশের রাজস্ব উন্নয়নে মনিপুরী তাঁত বস্ত্র যথেষ্ট ভূমিকা রাখছে। এ দিকে দৃষ্টি রেখেই সরকার এ তাঁত বস্ত্রের আরো উন্নয়ন একটি বড় প্রকল্প গ্রহন করছে।
মতবিনিময় সভা শেষে মণিপুরি শিল্পীদের অংশ গ্রহনে মণিপুরী মৃদঙ্গ, শ্রীকৃষ্ণের বাল্য নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।