Sylhet Today 24 PRINT

পূবালী ব্যাংক’র চেয়ারম্যান হলেন সিলেটের হাবিবুর

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ মে, ২০১৬

পূবালী ব্যাংক লিমিটেড’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবী হাবিবুর রহমান।

পূবালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে ২৮ এপ্রিল অনুষ্ঠিত ৩৩তম বার্ষিক সাধারণ সভা শেষে ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে হাবিবুর রহমান ব্যাংক পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন। তিনি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং ডেল্টা হাসপাতাল ও ডেল্টা মেডিকেল সেন্টারের স্পন্সর ডিরেক্টর। তার পৈত্রিক নিবাস সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বরইকান্দি গ্রামে।

ওই সভায় হাফিজ আহমদ মজুমদার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে পূবালী ব্যাংকের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করে।

একই সভায় হাফিজ আহমদ মজুমদারের কন্যা রানা লায়লা হাফিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। লায়লা একজন গার্মেন্টস উদ্যোক্তা।

এছাড়া ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ফাহিম আহমদ ফারুক চৌধুরী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১ম ভাইস-চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হন। তিনি গোলাপগঞ্জ উপজেলার সমাজ সেবক, শিল্পপতি ও পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মরহুম ফারুক আহমদ চৌধুরীর উত্তরসুরী।

ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন পরিচালনা পর্ষদের ২য় ভাইস-চেয়ারম্যান। তিনি বিয়ানীবাজারের শিল্পপতি, সমাজ সেবক ও পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মরহুম শেখ ওয়াহিদুর রহমানের পুত্র ।

একই সভায় প্রবীণ পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মনির উদ্দিন আহমদকে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়। শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী। মোগলাবাজারের ‘মনির আহমদ একাডেমী’র প্রতিষ্ঠাতাও তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.