Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় কিশোরীকে আটকে রেখে ধর্ষণ

কুলাউড়া প্রতিনিধি |  ০৫ মে, ২০১৬

কুলাউড়ার টিলাগাওয়ের হাজীপুর গ্রামে দশ বছর বৎসরের এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ২ দিন আটকে রেখে ধর্ষণ করেছে হানিফ নামের এক বখাটে। ধর্ষিতা কিশোরী এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে ঘটনার এক সপ্তাহ পর গতকাল বুধবার ৪ মে কিশোরীর মামা জয়নাল মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা (নং ০৪) দায়ের করেন। তবে এখনো ধর্ষক হানিফ আলী(২৭)কে আটক করতে পারেনি পুলিশ।

নির্যাতিতা কিশোরীর মামা জয়নাল মিয়া অভিযোগ করে বলেন, তার বোন আয়শা বেগম মধ্যপ্রাচ্যে থাকেন তাই একমাত্র মেয়েকে তাদের বাড়িতে রেখে যান এবং এখানে থেকে পড়াশুনা করত। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় তার ভাগ্নি মাদ্রাসা ছাত্রী (১০) ঘরের বাহিরে টয়লেট থেকে বের হওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা হাজীপুর গ্রামের চান্দু মিয়ার বখাটে ছেলে হানিফ আলী (২৭) কিশোরীকে ঝাপটে ধরে গামছা মুখে চেপে ধরে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে ২ দিন আটকিয়ে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

শুক্রবার রাত ১২ টায় ধর্ষণকারী হানিফ অজ্ঞান অবস্থায় কিশোরীকে তাদের বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন কিশোরীকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা শোচনীয় হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ গত সোমবার ঘটনাস্থলে যায় এবং হানিফের চাচা ও বড়ভাই গণি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে তাদেরকে রাতে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ মৌলভীবজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীর জবানবন্দি গ্রহণ করে বুধবার কুলাউড়া থানায় ধর্ষক হানিফকে একমাত্র আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেটুয়েন্টিফোর ডটকম’কে বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং আসামী হানিফকে ধরতে অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.