Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জের কালনী নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কালনী নদীতে নৌকা উল্টে নিখোঁজ থাকার দুই দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু বক্কর ওরফে আবু মিয়া (৭০)।

শুক্রবার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গয়েশ্বর গ্রামের কাছে ভেড়ামোহনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মৃত আবু মিয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ‍জানায়, গত  ৪ এপ্রিল বিকেলে আবু মিয়া ছেলে লোকমান মিয়াকে নিয়ে নদীর অপর পাড় থেকে ধান কেটে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। কালনী-কুশিয়ারা নদীর কাছে ভিম জালের কটি বাঁশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এতে আবু মিয়া ডুবে যান। এ সময় তার ছেলে লোকমান মিয়ার চিৎকারে লোকজন ছুটে এসে চেষ্টা করেও আবু মিয়াকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

শুক্রবার বেলা সাড়ে ২২টায় স্থানীয় রাখালরা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গয়েশ্বর গ্রামের কাছে ভেড়ামোহনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।

কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আবুল কাসেম জানান, মরদেহের মুখমণ্ডল ও হাত-পায়ে কাটার চিহ্ন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.