Sylhet Today 24 PRINT

লাউয়াছড়া উদ্যানে ট্রান্সমিটারযুক্ত পাইথন

বিচরণ, অবস্থান ও খাবার পর্যবেক্ষণ

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ  |  ০৭ মার্চ, ২০১৫

বিচরণ, অবস্থান ও খাবার-দাবার পর্যবেক্ষণের জন্যই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রান্সমিটারযুক্ত অজগর সাপ (বার্মিজ পাইথন) পর্যবেক্ষণে পুনরায় অবমুক্ত করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী বার্মিজ পাইথন এর গাঁয়ে ট্রান্সমিটার লাগিয়ে জাতীয় উদ্যান অবমুক্ত করা হয়। এটি বস্তি এলাকায় চলে যাওয়ায় ২৭ ফেব্রুয়ারী বার্মিজ পাইথনকে উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগ কয়েকদিন যাবত সেবা সুশ্রুষা করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জানকিছড়া এলাকায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অজগরকে অবমুক্ত করেন।

    লাউয়াছড়া উদ্যান বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অজগর সাপ। অজগর সাপ সাধারণ ইদুঁর সহ বিভিন্ন খাবার খেয়ে থাকে। এজন্য অজগরকে কৃষকের বন্ধু বলা হয়। ক্যারিনাম প্রজেক্টের উদ্যোগে অজগর (পাইথন) নিয়ে গবেষণার অংশ হিসাবে লাউয়াছড়ায় এ পর্যন্ত একাধিক বার্মিজ পাইথনের গাঁয়ে ট্রান্সমিটার স্থাপন করে অবমুক্ত করা হয়েছে। এর বৈজ্ঞানিক নাম Python bivittatus। প্রাণী গবেষকরা গত বছরে লাউয়াছড়ায় ট্রান্সমিটার স্থাপন করে আশা, বনি ও চৈতি নাম ধারণ করে তিনটি পাইথন অবমুক্ত করেন। গত ৫ ফেব্রুয়ারী প্রাণী গবেষক ড. এম.এ.রশীদ ও শাহরিয়ার সিজার ৮ ফুট লম্বা বার্মিজ পাইথন এর গাঁয়ে ট্রান্সমিটার স্থাপন করে সাপটিকে ইভা নাম দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। পরে খাবারের সন্ধানে লাউয়াছড়া জাতীয় উদ্যান পেরিয়ে পার্শ্ববর্তী মাধবপুর ইউনিয়নের বদলেরগাঁও এলাকার একটি ছনখলায় চলে যায়।

    লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বণ্যপ্রাণী) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ২৭ ফেব্রুয়ারী ক্যারিনাম প্রজেক্টের কানাই দাশ ও স্বপন দাশকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে জাতীয় উদ্যানের বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে রেখে খাবার ও সেবা সুশ্রুষা দেয়া হয়। এ সময়ে পর্যবেক্ষণও করা হয়। তিনি আরও বলেন, অন্য একটি অজগরের গাঁয়ে গবেষকরা ট্রান্সমিটার লাগিয়ে পর্যবেক্ষনের জন্য রেখেছেন। সেটির নাম দেওয়া হয়েছে ফিরোজ। কয়েক দিনের মধ্যেই ফিরোজকেও অবমুক্ত করা হবে।  

    শনিবার ট্রান্সমিটারযুক্ত বার্মিজ পাইথন অবমুক্ত করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী বিভাগ) ও লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.