Sylhet Today 24 PRINT

ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে চেয়ারম্যান হলেন সাংবাদিক বাচ্চু

কুলাউড়া প্রতিনিধি |  ০৮ মে, ২০১৬

কোন দলীয় পরিচয়ে নয় একমাত্র ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।

শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি।

জানা যায়, আব্দুল বাছিত বাচ্চু ২০০৩ ও ২০১১ সালে অনুষ্ঠিত দুটি ইউপি নির্বাচনে হাজীপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচিত না হলেও ভোটারদের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন তিনি। তিনি এবারের নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে দলীয় মনোনয়নে নয় একমাত্র নিজের ব্যক্তি ইমেজকে পুঁজি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ হাজার ৪শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহমুদ আলী পেয়েছেন ৪ হাজার ২শ ৯২ ভোট।

আব্দুল বাছিত বাচ্চু বর্তমানে দৈনিক সকালের খবর ও বার্তা সংস্থা ঢাকা টাইমসের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

১৯৯৭ সালে কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক মানব ঠিকানা’র বার্তা সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতার শুরু। পরে কিছুদিন সাপ্তাহিক মানব ঠিকানার নির্বাহী সম্পাদক ও সিলেটের দৈনিক শ্যামল সিলেটে’র বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও কাজ করেছেন জাতীয় দৈনিক মানবজমিন, ভোরের কাগজ ও সমকালের প্রতিনিধি হিসেবে।

এক প্রতিক্রিয়ায় আব্দুল বাছিত বাচ্চু তাকে নির্বাচিত করায় হাজীপুর ইউনিয়নের সকল জনসাধারণে ও নির্বাচনে সহযোগিতা করার জন্য মৌলভীবাজার জেলায় কর্মরত সকল কলমসৈনিক সহকর্মীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাজীপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.