Sylhet Today 24 PRINT

চোখে আলো নেই, তবু আলোকিত তারা

মারূফ অমিত |  ১১ মে, ২০১৬

তাদের চোখে আলো নেই। চোখে দেখতে পান না তারা। তবে তাদের আছে শিক্ষার আলো। এই আলোয় নিজেদের পাশাপাশি সমাজকেও আলোকিত করতে চায় তারা। এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে দৃষ্টিশক্তিহীন এমন পাঁচ জন। তারা সবাই এক সাথে থাকেন হোস্টেলে। যেন একটি পরিবারের সদস্য সবাই। মুখ সদা হাস্যজ্বল। আজ তাদের সাফল্যের দিন। আলোর পথ যাত্রীরা পাশ করেছেন এস এস সি পরীক্ষায়।

গ্রিন ডেসিবল ফাউন্ডেশন পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় সিলেটের এই ৫ জন শিক্ষার্থী পাশ করেছেন এস এস সি পরীক্ষায়। তাদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

পরীক্ষায় সাফল্য অর্জনকারীরা হলেন, নিখিল চন্দ্র দাশ,জুবেদা খাতুন, মোঃ কয়েছ মিয়া,সোহেলা আক্তার এবং সমীর রঞ্জন বিশ্বাস।

সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ব্রেইল এবং অডিওর মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছেন যেখানে দুই ক্লাস ছোট একজন শ্রুতি লেখন তাদের উত্তর শুনে শুনে খাতায় লিখেছেন।

সংশ্লিষ্টরা আরও জানান, ৫ জন পরীক্ষার্থীদের মধ্যে দুইজন জিপিএ ৩.৫ এবং তিনজন জিপিএ ৩ পেয়েছে। পরীক্ষায় সাফল্য অর্জনকারী নিখিল চন্দ্র দাশ জানান, আমারা খুব গরিব। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আজ এত দূর আসতে পেরেছি তাই আমরা আনন্দিত। আমরা আমাদের শিক্ষকদের কাছে কৃতজ্ঞ।

সোহেলা আক্তার জানান, আমরা অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত। আমারা চাই বাংলাদেশের প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হোক। বিশেষ করে মেয়েদেরকে বেশি দেওয়া হোক। কারণ মেয়েরা বেশির ভাগ বঞ্চিত হচ্ছে, অক্ষম থেকে যাচ্ছে।

জুবেদা খাতুন জানান, ব্রেইল পদ্ধতির জন্য যেসব সরঞ্জাম দরকার সেগুলো আমরা পর্যাপ্ত পাই না। সরকারের উচিত এসব শিক্ষা উপকরণ দিয়ে আমাদের সহায়তা করা।

স্কুলের নির্বাহী পরিচালক, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মোঃ রজব আলী খান নজিব জানান, অনেক কষ্ট করে আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। এটি আমাদের প্রথম ব্যাচ, যারা মাধ্যমিক পাশ করেছে সফল ভাবেই। এখন আমাদের লক্ষ্য তাদেরকে ঠিকমত এইচ এস সি পাশ করানোর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.